লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা নিজ জেলায় মেডিকেলে পড়ার সুযোগ পাবে: এ্যানি

লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা নিজ জেলায় মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (৪ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা করা হয়েছে। এছাড়া নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইনের প্রস্তাবনাও দেওয়া হয়েছে, যার কাজ দ্রুতই শুরু হবে। এই যোগাযোগ ও প্রশাসনিক সুবিধা চন্দ্রগঞ্জসহ লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের মানুষ ভোগ করতে পারবেন।
প্রধানমন্ত্রীর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একটি আধুনিক, দক্ষ ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী, বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




