logo

শেরপুর/পাহাড়ি এলাকার অধিকাংশ পরিবারে নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার

পাহাড়ি এলাকার অধিকাংশ পরিবারে নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার
পাহাড়ের কোল ঘেঁষে অস্বাস্থ্যকর পরিবেশের টয়লেট। শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া এলাকা। ছবি: এশিয়া পোস্ট

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদের অনেক পরিবারেই এখনও নিশ্চিত হয়নি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা। অনেক পরিবার অস্থায়ী শৌচাগার তৈরি করলেও সেগুলোর বেশির ভাগই অস্বাস্থ্যকর। ফলে অনেকটা বাধ্য হয়েই পাহাড়-জঙ্গল, টিলা, এমনকি পাহাড়ি ঝরনা ও ছড়ার আশপাশে মলত্যাগ করতে হচ্ছে বাসিন্দাদের। এতে বাড়ছে পরিবেশদূষণ ও পানিবাহিত রোগের ঝুঁকি।

শেরপুরে সাতটি পাহাড়ি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ও সিংগবরুণা, ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া এবং নালিতাবাড়ী উপজেলার নয়াবিল, পোড়াগাঁও ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, এই সাতটি ইউনিয়নে মোট ৪৪ হাজার ৪৭৫টি পরিবার রয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ১২ হাজার ৭৬৩টি পরিবারের। অন্যান্য টয়লেট (স্ল্যাবযুক্ত অথবা স্ল্যাববিহীন পিট টয়লেট) ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২৭ হাজার ৮৮টি, কাঁচা টয়লেট ব্যবহারকারী তিন হাজার ৬৩৩টি এবং টয়লেটবিহীন পরিবার ৯৯১টি।

Advertisement

তথ্য অনুযায়ী, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ২৭টি গ্রামে মোট পরিবারের সংখ্যা ৮ হাজার ৫৫০টি। এর মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ২ হাজার ৯৮৮টি পরিবারের। অন্যান্য টয়লেট ব্যবহার করে চার হাজার ৯৫১টি পরিবার, কাঁচা টয়লেট ব্যবহার করে ৩৬৫টি পরিবার এবং ২৪৬টি পরিবারে কোনো টয়লেট নেই। সিংগবরুণা ইউনিয়নের ২১টি গ্রামে মোট পরিবার পাঁচ হাজার ৮৫৮টি। এর মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ৮২৩টি পরিবারের। অন্যান্য টয়লেট ব্যবহার করে চার হাজার ২৭১টি পরিবার, কাঁচা টয়লেট ব্যবহার করে ৬৩৯টি পরিবার এবং টয়লেটবিহীন পরিবার রয়েছে ১২৫টি।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ১৫টি গ্রামে মোট সাত হাজার ৫৫৬টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ২ হাজার ৭৪৬টি পরিবারের। অন্যান্য টয়লেট ব্যবহার করে ৪ হাজার ২৮৯টি পরিবার, কাঁচা টয়লেট ব্যবহার করে ৩৫৯টি পরিবার এবং ১৬২টি পরিবার টয়লেট সুবিধাবঞ্চিত। নলকুড়া ইউনিয়নের ২১টি গ্রামে মোট পরিবার ৭ হাজার ৬০২টি। এর মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে ১ হাজার ৪৩৩টি পরিবার। অন্যান্য টয়লেট ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৫ হাজার ৪৫টি, কাঁচা টয়লেট ব্যবহারকারী ৯৫৮টি এবং টয়লেটবিহীন পরিবার ১৬৬টি।

নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ১৩টি গ্রামে মোট চার হাজার ৭২৭টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ৮৭০টি পরিবারের। অন্যান্য টয়লেট ব্যবহার করে ৩ হাজার ৩৮০টি পরিবার, কাঁচা টয়লেট ব্যবহার করে ৩৮৬টি পরিবার এবং ৯১টি পরিবারে কোনো টয়লেট নেই। নয়াবিল ইউনিয়নের ১৮টি গ্রামে মোট ৫ হাজার ১৬০টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে ১ হাজার ৭৪৯টি পরিবারের। অন্যান্য টয়লেট ব্যবহার করে ২ হাজার ৬৮২টি পরিবার, কাঁচা টয়লেট ব্যবহার করে ৫৯৮টি পরিবার এবং টয়লেটবিহীন পরিবার রয়েছে ১৩১টি। রামচন্দ্রকুড়া ইউনিয়নের ১৩টি গ্রামে মোট ৫ হাজার ২২টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করে ২ হাজার ১৫৪টি পরিবার। অন্যান্য টয়লেট ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২ হাজার ৪৭০টি, কাঁচা টয়লেট ব্যবহারকারী ৩২৮টি এবং টয়লেটবিহীন পরিবার ৭০টি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষে নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ সম্ভব হচ্ছে না। কোথাও অস্থায়ী শৌচাগার থাকলেও সেগুলোতে নেই যথাযথ ব্যবস্থা। বিশেষ করে নারী ও শিশুদের এ কারণে বেশি ভোগান্তিতে পড়তে হয়। দিনের বেলায় খোলা জায়গায় যেতে সংকোচ হয়, আবার রাতে জঙ্গলে যেতে ভয়। সব মিলিয়ে প্রতিদিনই নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে তাদের।

ঝিনাইগাতী উপজেলার ছোট রাংটিয়া এলাকার বাসিন্দা কানাই কোচ বলেন, আমাগোর বাড়িত মেয়েদের জন্য পর্দা দিয়ে কোনোমতে একটা পায়খানা বানিয়ে দিয়েছি। আমগর পোলাপানগুলো বাড়ির সামনে বা আশপাশে পায়খানা করে। আমরাতো জঙ্গলে যাই। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই বদনা নিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে জঙ্গলে গিয়ে পায়খানা করে আসি। আমারতো আর সামর্থ্য নাই যে, সুন্দর করে এডা পায়খানা দিবো।

একই এলাকার বাসিন্দা তরিফ মিয়া বলেন, আমাগো সবচেয়ে বেশি সমস্যা হয় মেয়ে ও শিশুদের জন্য। তাই বাড়ির আশপাশেই পর্দা বা বস্তা দিয়ে ঘিরে কোনোমতে পায়খানা বানাই দেই। তারা সেখানেই পায়খানা করে। স্বাস্থ্যসম্মত বুঝি না আমরা। পায়খানা করবার পাইলেই হলো। আমরা পাহাড়-জঙ্গলে যাই সবসময়। কিন্তু রাত হইলে জঙ্গলে যাওয়া ভয় হয় এখন। কখন কোন বিপদ হয়, সেই চিন্তায় থাকি। আর মাঝে মধ্যে জঙ্গলে হাতি আহে, সেজন্য ডরটা লাগে।

শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, এই পাহাড়ি এলাকায় অনেক মানুষের বাড়িত পায়খানা নাই। কেউ বাঁশ আর পলিথিন দিয়া কোনোরকম একটা ঘর বানাইছে, আবার কেউ খোলা জায়গায় যায়। বর্ষাকালে খুব সমস্যা হয়। পাহাড়ি রাস্তা দিয়া চলাচল করাও কষ্ট, তার ওপর পায়খানার জন্য দূরে যাইতে হয়। সরকার যদি একটু সহযোগিতা করত, তাইলে আমরাও ভালোভাবে থাকতে পারতাম। এই এলাকায় অনেক পরিবারে পায়খানার সমস্যা। মাঝেমধ্যে সরকারি লোকজন আহে, একটা গ্রামে ১-২টা পায়খানা করে দে। আমরাতো আর পাই না।

একই এলাকার বাসিন্দা ফারুক মিয়া বলেন, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। সংসার চালাইতেই কাহিল আমরা। পায়খানা বানানোর টাকা কই পামু? বাড়ির ছোট ছোট বাচ্চা আর বয়স্ক মানুষদের নিয়া খুব বিপদে থাকি। অনেক সময় বাধ্য হইয়া ঝোপঝাড়ে যাইতে হয়। আমরা চাই, আমাগো গ্রামের প্রতিটা বাড়িতেই এডা কইরা ভালা পায়খানার ব্যবস্থা হোক।

বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের ফেলো সুমন্ত বর্মণ জানান, তিন উপজেলায় ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস। এর মধ্যে গারো ৩৪ হাজার, বর্মণ ১৭ হাজার, হদি ৪ হাজার ৫০০, কোচ ৪ হাজার, হাজং ১ হাজার ২০০, ডালু ১ হাজার ২০০, বানাই ১০০, বেদিয়া, চাক, চাকমা, খাসিয়া, মাহালি ও মারমা সম্প্রদায়ের সদস্য একজন করে, মালো ৩ জন, সাঁওতাল ৪ জন এবং করা ১৪ জন। এদের মধ্যে অনেকেরই স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। বিভিন্ন এনজিওর মাধ্যমে কিছু কিছু শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পাহাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে সরকারি ও বেসরকারিভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ জরুরি। কারণ, খোলা জায়গায় মলত্যাগ করলে পরিবেশদূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক হাবিবুল হক পলাশ বলেন, পাহাড়ি এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যসম্মত শৌচাগারের সংকট রয়েছে। ফলে প্রতিদিনই নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিশেষ করে দিনের আলোয় প্রাকৃতিক কাজ সারতে সংকোচ ও অস্বস্তিতে পড়তে হয়। আবার রাতের অন্ধকারে শৌচকর্মের জন্য পাহাড়ি জঙ্গলে যেতে গিয়ে বন্যপ্রাণীর আক্রমণসহ নানা ধরনের নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় খোলা জায়গায় মলত্যাগের ফলে বৃষ্টির পানির সঙ্গে মলমূত্র মিশে পাহাড়ি ছড়া, ঝরনা ও পানির অন্যান্য উৎস দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে এসব পানির ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে।

জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকলে দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া, আমাশয়সহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় নিরাপদ শৌচাগারের অভাব রয়েছে, সেসব এলাকার মানুষ বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। শিশু ও বয়স্কদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। কারণ, এসব রোগে আক্রান্ত হলে তাদের শারীরিক জটিলতা ও মৃত্যুঝুঁকিও বেড়ে যেতে পারে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী পাহাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যে শৌচাগার নির্মাণ করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ সীমিত হওয়ায় প্রতিটি পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত বরাদ্দ চেয়ে সরকারের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে শৌচাগার নির্মাণ করা হবে। পাশাপাশি বেসরকারিভাবেও সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পরপরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশাবাদী, দ্রুতই বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি এলাকাগুলোতে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন এনজিও প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শৌচাগার নির্মাণের উদ্যোগ নিতে হবে। আমরা চাই, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলসহ প্রতিটি পরিবারের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হোক।