
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহিনুর ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।
ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার একটি গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।
ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, ইমাম শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি পড়তে যেত। সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শেখে। শনিবার বিকেলে শিশুটি আরবি পড়তে গেলে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেনি। দেরি হওয়ায় শিশুটির মা খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতর তার মেয়ে ও শাহিনুর ইসলামকে উলঙ্গ অবস্থায় দেখেন।
শিশুটির মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করেন। তারা ইমামকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে জুতার মালা পরিয়ে তাকে় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।
শিশুটির মা বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।




