কুমিল্লায় ডাকাতি করতে না পেরে গৃহবধূকে গুলি, জড়িতদের গ্রেপ্তারে মানববন্ধন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ঘরে ঢুকে ডাকাত করতে না পেরে প্রবাসীর স্ত্রীকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার শিবের বাজার এলাকায় বুধবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বসন্তপুর ও এর আশপাশের এলাকায় বর্তমানে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। ডাকাতির সময় গৃহবধূকে গুলি করার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিকটিম প্রবাসীর ছোট ভাই মোবারক হোসেন জানান, ডাকাতরা ভাবির মুখে টেপ পেঁচানোর চেষ্টা করলে পাশের রুমে থাকা ভাতিজি মাইশাকে বাঁচাতে তিনি চিৎকার করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তার ভাবিকে গুলি করে পালিয়ে যায়। তিনি জানান, ইতোমধ্যে পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় পারভেজ ও কামালের বাড়ির মাঝের একটি আমগাছের নিচে লেবুগাছের ঝোপের ভেতর মুরগির খোঁয়াড়ের নিচ থেকে বিশেষ কৌশলে লুকানো একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
মানববন্ধনে বক্তারা পাঁচথুবী ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাতে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানান। পাশাপাশি অপরাধ প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ডাকাতি বন্ধ, অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।