মসজিদে বসে রাজনীতির দিন শেষ, মাঠে কাজ করতে হবে: এ্যানি

বিরোধী দলের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন। মসজিদে বসে বয়ান করবেন, রাজনীতি করবেন—ওই দিন শেষ। ফিল্ডে কাজ, বাস্তবে কাজ, মাঠে কাজ করতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড় এলাকায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরি করার জন্য জামায়াতকে দায়ী করেছেন এ্যানি। তিনি প্রশ্ন তুলে বলেন, আজকে একটা লং ড্রাইভ, লংমার্চ বা রোড মার্চ করলেই কি সব সমাধান হয়ে যাবে? বরং বিরোধী দলের কাজ ছিল সরকারকে সহযোগিতা করা। তারা পার্লামেন্টে বসে সুন্দর সুন্দর কথা বলে, আবার বাইরে এসে লংমার্চ করে। এটা কি কোনো সহযোগিতা হলো?
এ্যানি বলেন, সরকারকে তারা এত চাপে রাখছে যে সরকার যাতে স্বাভাবিক কাজ করতে পারে, সেই সুযোগটাও দিচ্ছে না। আর এই সুযোগটা নিচ্ছে ফ্যাসিবাদ। অথচ এই ফ্যাসিস্টরা লুটপাট, অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও দুর্নীতি করেছে। এখন তারা বড় বড় কথা বলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিও প্রসঙ্গে এ্যানি বলেন, এসব ভিডিও নাকি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়। কিন্তু এআই নিয়ে প্রশ্ন তোলা বা এসব ভিডিও ছড়িয়ে পড়ার সুযোগটা কিন্তু তারাই করে দিয়েছে।
লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, যারা আজকে লংমার্চ করছে, এই ছয় মাসের মধ্যে লংমার্চ করার কী প্রয়োজন ছিল? তারা তো আগেই বলেছিল যে তারা আর লংমার্চ করবে না এবং অতীতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করা তাদের ভুল ছিল। তাহলে এখন আবার কেন?
সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্বে এসেছি। দীর্ঘদিনের জট কাটিয়ে সবকিছু স্বাভাবিক করতে সময় লাগবে।
এ্যানি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই কাজই করে যাচ্ছি। কারণ এখন আমাদের মূল লক্ষ্য—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।


