এবার বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানের টংকাবতী এলাকা থেকে ৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাতিরডেরা এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃত শ্রমিকরা হলেন মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিরদাড়া এলাকায় ইসমাইলের মালিকানাধীন একটি রাবার বাগান থেকে দুর্বৃত্তরা ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তবে কারা বা কোন গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকেরা বাগানের ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত সেখানে ঢুকে পড়ে। তারা শ্রমিকদের মারধর করে এবং চোখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায়। রাতের আঁধারে ঘটনাটি এলাকায় জানাজানি না হলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইসমাইলের দাবি, অপহরণের পর দুর্বৃত্তরা তার সঙ্গে যোগাযোগ করেছে। শ্রমিকদের অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা ২০ লাখ টাকা দাবি করেছে।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ পারভেজ জানান, ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
এর আগে বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহৃত শ্রমিকরা হলেন এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) এবং নুরুল ইসলাম (২৮)।