টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫
এশিয়া পোস্ট নিউজ,টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘আরবি ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস চর ভাবলা এলাকায় পৌঁছালে মুষলধারে বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


