এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের নিচে মোটরসাইকেল, নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের নিচে মোটরসাইকেল, নিহত ১
ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত সাতজন।

নিহত সফিকুল ইসলামের (৪৫) বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি একটি বুটিক ও লাইফস্টাইল প্রতিষ্ঠান ‘আর্টিসান’-এর সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি দ্রুত মোটরসাইকেল লেনে ঢুকে পড়ে এবং সফিকুলের মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসের যাত্রী অমিত হাসানসহ অন্তত সাতজন কমবেশি আহত হন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বাসের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট
বাসের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস। ছবি : এশিয়া পোস্ট

ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মাওয়ামুখী লেনে টোল দেওয়ার আগে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।