ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে এসে সুন্নত নামাজের সেজদারত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৫) নামের এক ইমাম।
সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মারা যাওয়া হাফেজ আতাউল্লাহ পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজার সংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম ও খাতীবের দায়িত্ব পালন করে আসছিলেন।
মসজিদের মুসল্লি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে মসজিদে এসে ফজরের সুন্নত নামাজ শুরু করেন হাফেজ আতাউল্লাহ। নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর উঠে না দাঁড়ালে উপস্থিত মুসল্লিদের মনে খটকা লাগে। পরে কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে মুসল্লিরা বুঝতে পারেন, সেজদারত অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন তিনি।
পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা হাফেজ আতাউল্লাহ এলাকায় অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, পরিবারের একমাত্র সন্তানকে এভাবে আকস্মিকভাবে হারিয়ে স্বজনেরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এমন শোক সহ্য করা কঠিন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদ মাঠে প্রথম এবং আসরের নামাজ শেষে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।



