ফেনীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: এশিয়া পোস্ট

ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জসিম মাহমুদ, কামাল উদ্দিন ভূঞা, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, একাত্তর টিভি ও যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক ফেনীর সময়ের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি শেখ কামাল, দাগনভুঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক সময়ের রেখার ফুলগাজী প্রতিনিধি কবির আহমদ নাসির এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল তালুকদারসহ অন্যরা। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় সাংবাদিক নিজাম উদ্দিন সজিব বাদী হয়ে এমরান শিকদারকে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইউনুস (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জয়চাঁদপুর গ্রামের নিজাম উদ্দিন ওরফে পেয়ার মিয়ার ছেলে।

আহত সাংবাদিক নিজাম উদ্দিন সজিব অভিযোগ করেন, মোবাইল ফোনে সংবাদ সংগ্রহের কথা বলে বৃহস্পতিবার তাকে ফেনী নদীর তীরবর্তী জগন্নাথ সোনাপুর এলাকার বালুর মাঠে ডেকে নেওয়া হয়। সেখানে মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। এ সময় তার মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন। হামলাকারীদের মধ্যে দুজন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

বিষয় :ফেনী