logo

চাঁদা না দেওয়ায় আমবাগানের চারা উপড়ে ফেলার অভিযোগ

চাঁদা না দেওয়ায় আমবাগানের চারা উপড়ে ফেলার অভিযোগ
আমবাগানের চারা উপড়ে ফেলা জমি। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের গঙ্গাচড়ায় দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক কৃষি উদ্যোক্তার আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে বাঁধা দিতে গেলে ওই উদ্যোক্তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর জয়রামওঝা চল্লিশ সাল এলাকায় ‘সীমান্ত এগ্রো অ্যান্ড ফিশারিজ’-এর মালিক রবিউল ইসলামের বাগানে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা তার বাগানে প্রবেশ করে শতাধিক আমগাছের চারা উপড়ে ফেলে এবং বেশ কিছু গাছের ডালপালা ভেঙে ফেলে। পরদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি।

ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, সম্প্রতি কেনা ৮৪ শতক জমি দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় খোকা মিয়া ও তার ছেলে সোনা মিয়াসহ একটি গোষ্ঠী। ব্যর্থ হয়ে তারা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পুকুরে বিষ ঢালা ও গাছ কেটে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, খবর পেয়ে সাংবাদিক ও স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত খোকা মিয়া, সোনা মিয়া ও মানিকা বেগমসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। রবিউলের দাবি, লক্ষ্মীটারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরমানের ইন্ধনে ও প্রত্যক্ষ মদতে এ তাণ্ডব চালানো হয়েছে।

তবে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে যুবদল নেতা আরমান জানান, তার আত্মীয় জ্যাঠা মহুবর রহমান এতে জড়িত থাকায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। যদিও মহুবর রহমান তার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, আরমান নিজ স্বার্থেই সেখানে এসেছিল, আমার নিষেধ শোনেনি।

এদিকে ঘটনাটি সামাজিক ও স্থানীয় প্রশাসনিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে তিনি গ্রাম পুলিশ পাঠান এবং পরবর্তীতে নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর এশিয়া পোস্টকে জানান, জমি দখল ও চাঁদা দাবির আগের অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বাগানে হামলা ও চারা উপড়ে ফেলার নতুন ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।