logo

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে নেসকো অফিস ঘেরাও

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে নেসকো অফিস ঘেরাও
প্রিপেইড মিটার বাতিল ও অপসারণের দাবিতে রংপুরে নেসকো কার্যালয়ের সামনে বিদ্যুৎ গ্রাহক ফোরামের ঘেরাও কর্মসূচি। ছবি : এশিয়া পোস্ট

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে রংপুর নগরীতে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। দাবি বাস্তবায়নে নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত দরখাস্তসহ স্মারকলিপি দিয়েছেন গ্রাহকেরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কলেজ রোডের খামার মোড়-সংলগ্ন নেসকো অফিস চত্বরে এ ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো অফিস চত্বরে গিয়ে ঘেরাও করে।

ভুক্তভোগী শাহানারা খাতুন বলেন, আগে যে লাইট, ফ্যান, চুলা ছিল, এখনো তাই আছে। বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিন গুণ। আমি এই মিটার চাই না। এটা খুলে নিয়ে আমার আগের পোস্টপেইড ফিরিয়ে দেওয়া হোক।

আরেক গ্রাহক শফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম না। নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছেন, এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা ফাইন হবে, মামলা হবে। আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পেছনে খরচ হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।

আহসানুল আরেফিন তিতু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে গেলাম। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ এবং দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে—এই প্রত্যাশা করছি। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমন, ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমুখ।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।