লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে আল-আমিন শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে। আটক সাইফুল ইসলাম একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই গ্রামের পণ্ডিত বাড়ির সামনের একটি পুরোনো কাছারি ঘরে বসে শাকিল ও সাইফুল লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাইফুল সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় পরপর কয়েকটি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, শাকিল ও সাইফুলের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল এবং তারা একসঙ্গেই চলাফেরা করতেন। লুডু খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলকে আঘাত করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লুডু খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




