logo

গাজীপুরে কালবৈশাখীতে দোকানের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরে কালবৈশাখীতে দোকানের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীতে ভেঙে পড়া দোকানের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সিরাজুল ইসলাম (৭২) দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। কালবৈশাখীর সময় তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর থানার কুনরা গ্রামের বাসিন্দা। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।

নিহতের ছেলে শাহিন বলেন, তিনি ১০ বছর ধরে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করছেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সঙ্গে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাতযাপন করতেন। 

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্চয় সাহা বলেন, গত সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে বিষয়টি নিহতের ছেলেকে জানালে ওই ঘরের চালের নিচ থেকে চাপা পড়া বৃদ্ধকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।