শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত দুই

শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার সন্নাসীভিটা এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বাসযোগে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশায় চড়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সন্নাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় বা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
ভোরে স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সাথে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)





