logo

নওগাঁয় পৌঁছেছে ৫ প্রবাসীর মরদেহ, এলাকায় মাতম

নওগাঁয় পৌঁছেছে ৫ প্রবাসীর মরদেহ, এলাকায় মাতম
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর প্রবাসী শাহীনের বাড়িতে লাশ পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। ছবি : এশিয়া পোস্ট

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জনের মধ্যে ৭ জন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (৩১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে উত্তরবঙ্গের নওগাঁতেই এসে পৌঁছেছে পাঁচ রেমিট্যান্স যোদ্ধার নিথর দেহ।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।

নওগাঁয় আনা মরদেহগুলোর মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ মরছুলা স্কুল পাড়ার বাসিন্দা শাহীন, আত্রাই উপজেলার ইসলামগাথী গ্রামের হাসিবুল হাসান শুভ, মাধবপুর গ্রামের মসিদুল সরদার সজিব, খনজোর গ্রামের মিনহাজ প্রামাণিক এবং সাধনগর গ্রামের সাগর আলী।

নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার মরছুলা স্কুল পাড়ার সন্তান শাহীনের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। শাহীনের মা নার্গিস বেগম শোকে বিহ্বল হয়ে জানান, ছেলের বয়স যখন মাত্র চার মাস, তখনই তার বাবা মজনু রহমান মারা যান। চরম কষ্টের মধ্য দিয়ে শাহীনকে বড় করেছিলেন তিনি। ছেলের সঙ্গে শেষ ফোনালাপের স্মৃতিচারণ করে তিনি অশ্রুসজল চোখে বলেন, ঘটনার দিন রাতে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার কথা বলেছিল শাহীন। কিন্তু সেই ঘুম যে তার শেষ ঘুম হবে, তা কে জানত।

শাহীন দুই নাবালক সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাকে রেখে গেছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। বর্তমানে শাহীনের বন্ধুদের সহায়তায় পরিবারটি কোনো মতে দিনাতিপাত করছে।

শাহীনের শ্বশুর আব্দুল মালেক মোল্লা জানান, বাদ আসর মরছুলা স্কুল মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি নিহত শাহীনের পরিবারকে পুনর্বাসনের জন্য একটি স্থায়ী বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি শাহীনের দুই নাবালক সন্তানের ভবিষ্যৎ পড়াশোনা ও দেখাশোনার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন তিনি।