‘হানি ট্র্যাপে’ ফেলে ১৫ লাখ টাকা আদায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) ভোর পর্যন্ত পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার হাজিরহাট বন্দরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন (৫৫), গলাচিপা উপজেলার বাসিন্দা মো. কবির হোসেন (৪০) ও পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার মোহাম্মদ রাসেল তালুকদার (৩৪)। স্থানীয় লোকজনের দাবি, রাসেল তালুকদার যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদ পেতে এক ওষুধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে, শহিদুল নামের এক ব্যক্তিকে ডেকে এনে নারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১৮ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বনানী এলাকায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মোহাম্মদ আজহার উদ্দিন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে স্থানীয়রা দাবি করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে অন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আরও কয়েকজনের কাছ থেকে একই কৌশলে টাকা আদায়ের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।