logo

জামায়াতকে ভোট দিলে ‘ইমান নষ্ট’ হয়ে যাবে: মির্জা ফখরুল

জামায়াতকে ভোট দিলে ‘ইমান নষ্ট’ হয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে ‘ইমান নষ্ট’ হয়ে যাবে। দলটি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের ভোট দিলে আমরা তো আমাদের ইমান নষ্ট করে ফেলব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের কথায় বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে ভোটারদের মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানকে রক্ষার জন্য আসুন আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন অব্যাহত রাখুন। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সহায়তা করুন।

বিএনপি মহাসচিব বলেন, জামায়াত বলতে শুরু করেছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ বলতে হয়—তাই না। এটা কি ঠিক, একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

হেফাজত আমিরের বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপরে বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া না-জায়েজ। জামায়াতের সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী।

কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমার ঠাকুরগাঁও এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে—কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। এই কৃষিকাজ যাতে কৃষকরা ঠিকমতো করতে পারেন, সেজন্য আমরা সার ও পানির ব্যবস্থা করব।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে সবার আগে আমি মা-বোনদের অধিকার রক্ষার চেষ্টা করব। আমি আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেব। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা চালু করা হবে। এর ফলে বেকার সমস্যা থাকবে না।

এ সময় বিএনপির সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।