ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষের জেরে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছে।
এদিকে সংঘর্ষের মধ্যেই দিই গ্রামবাসী বাজারের পাশের রেললাইন অবরোধ করেছে। এতে তিন ঘণ্টা ধরে কিশোরগঞ্জ-ময়মনসিং রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশের সীমানায় গড়ে ওঠা বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি বাজারের নামকরণ নিয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাসুদ মিয়া (৩০) একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। নিহত মাসুদ মিয়া উপজেলার মিরারচর পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।
আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা আহতরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে রেললাইন অবরোধ করায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ শুরু করেন। পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
.png)






