Advertisement

কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে মো. মাসুদ (৫০) নামে ওয়ার্ড বিএনপির এক সভাপতি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. মাসুদ কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মৌসুমি ফল ব্যবসায়ী। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে নৌপথে নিজ বাড়িতে ফেরার সময় কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। পরবর্তী সময়ে রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় মালামালসহ তার ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও নৌকায় তার কোনো সন্ধান মেলেনি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ বলেন, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে খবর দেওয়া হয়। পরে নৌবাহিনীর একটি ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান শুরু করে। রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে রাতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নৌবাহিনীর ডুবুরি দলের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

বিষয় :রাঙামাটি