logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সিলেটে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশু মারা যায়। এই নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়াল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং রাত ৮টার দিকে আরও দুজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত শিশুর মধ্যে আরিফ নামের ১০ মাস বয়সি এক শিশু সকাল ১০টায় মারা যায়। রাতে ৯ মাস বয়সি হুমায়রা এবং প্রায় একই সময়ে ৫ মাস বয়সের হুমায়রার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে মারা যাওয়া শিশুর মধ্যে তৌফিক সুনামগঞ্জের বাসিন্দা এবং তাকে হাম, ব্রংকোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে হাসপাতালে ভর্তি করে পরিবার। আরিফ নামের শিশুটি হাম ও ব্রংকোনিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের অবস্থা জটিল হওয়ায় পিআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।