এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক ছিনতাই

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন গরুর মালিকসহ তিনজন।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) এবং ট্রাকচালক মো. তৈয়ব (২১)। আহতদের মধ্যে হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে এবং জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়ব ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর এলাকা থেকে পাঁচটি কোরবানির গরুবোঝাই করে ট্রাকটি ঢাকার দোহার উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ি হয়ে বেজগাঁও এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে। পরে চালক ও গরুর মালিকদের মারধর করে ট্রাকসহ গরুগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া পাঁচটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, ট্রাকটি বেজগাঁও এলাকায় শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে প্রবেশের সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
এ বিষয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিকভাবে ঘটনার বিস্তারিত জানা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
