সিরাজগঞ্জে ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন

যমুনা সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পুল ও ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়। আজ দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


