একটি দল ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদ কায়েম হবে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, একটি দল ক্ষমতায় গেলে দেশে জঙ্গিবাদ কায়েম হবে। বিশ্ব এ দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। দেশকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগাঁ মাঠে নির্বাচনি জনসভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দল ধানের শীষের জোয়ার দেখে দিশাহারা, বেসামাল ও উন্মাদ হয়ে পড়েছে। তাদের কাছে দেশ, জাতি ও স্বাধীনতা নিরাপদ নয়। তারা ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা আর মোনাফেকি করছে।
খায়রুল কবির খোকন বলেন, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেয় না। তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, জাতীয় সংগীত গায় না। তাদের একাত্তর সালে এ দেশের মানুষ দেখেছে।
এ নির্বাচনি জনসভা শেষে ধানের শীষে ভোট চেয়ে একটি বিশাল মিছিল কাউরিয়া পাড়া ঈদগাঁ মাঠ থেকে শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিনিসপুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় নরসিংদী জেলা, সদর উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।