logo

অভিমান করে বাড়ি ছাড়ার এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

অভিমান করে বাড়ি ছাড়ার এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মৃত মারুফ। ছবি: পরিবারের সৌজন্যে

নোয়াখালীর সেনবাগে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার এক দিন পর মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজীবাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মারুফ নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে জামাকাপড় একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার রাতে বাড়ির পাশের ধানক্ষেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, পুকুরপাড় ও ধানক্ষেতের মাঝামাঝি স্থানে গলায় গামছা বাঁধা অবস্থায় তরুণের মরদেহ পড়ে আছে। গামছার একাংশ পুকুরপাড়ের একটি গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল এবং অপর অংশ গলায় পেঁচানো ছিল। গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে যাওয়ার পর তিনি ধানক্ষেতে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারুফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।