শিবির নেতা সাইফুল্লাহ হত্যা, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
সাঘাটাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত শিবির নেতা সাইফুল্লাহ ও আহত শিবির কর্মী সালাউদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন এবং উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং ব্যবসায়ী এনামুল হক সরকার বক্তব্য দেন।
সাইফুল্লাহর বড় ভাই ফারুক আজম বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উপজেলা শিবিরের উপজেলা সভাপতি সাজেদুর রহমান বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ছাড়া বক্তারা মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা ও ছুরিকাঘাত করে। ওইদিন রাতেই জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়।
নিহতের বাবা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে সাঘাটা থানা হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।





