উজানের ঢলে বিলীন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
উজানের ঢলে বিলীন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি
পানির চাপে আবাদি জমি ভেঙে নালায় পরিণত হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ে উজান থেকে নেমে আসা বর্ষার পানির ঢলে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে শত শত বিঘা ফসলি জমি। ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। ভুক্তভোগীদের অভিযোগ, আবাদি জমি রক্ষায় বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করেও কোনো প্রতিকার মিলছে না।

Advertisement

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাকি জমিও বিলীন হয়ে যাবে।

জানা গেছে, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় গত পাঁচ বছরে লাঠুয়াপাড়া এলাকার শতাধিক কৃষকের আবাদি জমি ভাঙনের শিকার হয়েছে। প্রতি বর্ষা মৌসুমে এই ভাঙনের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। উজান থেকে নেমে আসা পানির প্রবল ঢলে তীব্র স্রোত আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় আবাদি জমি পরিণত হচ্ছে নালা ও জলাভূমিতে। ভাঙন রোধে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে লাঠুয়াপাড়াসহ আশপাশের এলাকার প্রায় ৩০০ কৃষকের অন্তত ২০০ বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

ভুক্তভোগী মহিমদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের আবাদের জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। এটা দেখার কেউ নেই। ইতিমধ্যে অনেক জমি হারিয়েছি। বাকি জমি নিয়ে এখন আমরা দুশ্চিন্তায় দিন পার করছি।

স্থানীয় কৃষক মফিজুল হক অভিযোগ করে বলেন, বর্ষা মৌসুমের এই ভাঙ্গনের কারণে আশপাশের জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া না জরুরি হয়ে পড়েছে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন বলেন, পানির প্রবল চাপে আবাদি জমি ভেঙে নালায় পরিণত হচ্ছে। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে দ্রুতই ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :পঞ্চগড়