অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চার নারী আটক

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চার নারী আটক
আটক চার নারী। ছবি: সংগৃহীত

কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে পুনরায় দেশে ফেরত আসার সময় চার নারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১১ জুলাই) বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ডলুরা বিওপির সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের মধুরকান্দি থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন—যশোর জেলার সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ওই চার নারী কাজের উদ্দেশ্যে কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতে থাকতে তাদের সমস্যা হওয়ায় পুনরায় আজ ভোরে অবৈধভাবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন। এরপর বিজিবি ওই চার নারীকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে থানায় মামলা করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে পুনরায় দেশে ফেরত আসার সময় চার নারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চার নারীকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চারজন নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার পরপরই তাদের আটক করা হয়। তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।