logo
Advertisement

নওগাঁ সদর হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে শাস্তির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
নওগাঁ সদর হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে শাস্তির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁ সদর হাসপাতালে দ্বীন মোহাম্মদ সোহেল নামে এক চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জন্য সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন তিনি, তা ছাড়া হাসপাতালে মজুত থাকা স্যালাইন রোগীদের দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Advertisement

রোববার (২৩ আগস্ট) সকালে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের প্রমাণ পান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন এবং সরাসরি ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় সরকারি স্যালাইন ভেতরে থাকা সত্ত্বেও বাইরে থেকে কেনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডাক্তার দ্বীন মোহাম্মদ সোহেল নামে এক চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পর্যাপ্ত সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ ও স্যালাইন কিনতে বলা বরদাশত করা হবে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বেসরকারি চিকিৎসাসেবা খাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত ১৭ বছরে দেশে ব্যাঙের ছাতার মতো বিপুল লাইসেন্সবিহীন ও অবৈধ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়া পর থেকে কোনো কাগজপত্র ছাড়া পরিচালিত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং অনিয়মের প্রমাণ পেলে জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে।

এ সময় দেশের জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর সেবা বৃদ্ধিতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন তিনি। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডায়ালাইসিস সুবিধা বৃদ্ধির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের বিষয়টি জানতে পেরে হাসপাতালে আসেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সেবার মান শতভাগ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।