logo
Advertisement

কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১
আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভুঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরও একজন আহত হয়েছেন। আহত লিটন বর্তমানে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভুঁইয়া ভূমখাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেকেন্দার ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইতালি প্রবাসী জাহিদুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।

বুধবার বিকেলে কবরস্থানের জমি নিয়ে জয়দুল ঢালি ও আনোয়ার ভুঁইয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল ঢালি লাঠি দিয়ে আনোয়ার ভুঁইয়া ও লিটনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার ভুঁইয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আহত লিটন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আনোয়ার ভুঁইয়ার নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী জাহিদুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এশিয়া পোস্টকে বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।