তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে আন্দোলন করছে ১১ দল: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অন্যতম অংশ। সেই ইশতেহার অনুযায়ী যখন বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল মাঠে আন্দোলনে নেমেছে।
শুক্রবার (১০ জুলাই) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বর্তমান সরকার এ বিষয়ে অনেক দূর এগিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। এটি আমাদের সরকারের নির্বাচনি ইশতেহারেরই অংশ। অথচ সরকার যখন এটি বাস্তবায়নে কাজ করছে, ঠিক তখনই ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল হঠাৎ আন্দোলনে নেমেছে।
তিনি আরও বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন প্রথম কাজ শুরু করে, তখন এই দলগুলোর কোনো অস্তিত্ব ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন বা পরিকল্পনাও ছিল না। তাই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি। বিএনপির বর্তমান চেয়ারম্যানও এর আগে লন্ডন থেকে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাধারণত প্রতি বছর বাজেট পাস হওয়ার পর চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ায় এবার তা আর হয়নি।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




