logo

জ্বরে আক্রান্ত রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

জ্বরে আক্রান্ত রোগীকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন পুশ করার অভিযোগ উঠেছে। 

বুধবার (৮ এপ্রিল) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। একই সময়ে হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন। উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন। জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন। এই ঘটনা নিয়ে রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ জানান, একই সময়ে দুই রোগী সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। অভিযুক্ত চিকিৎসকের দায়িত্বে অবহেলার বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।