রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া পরিবর্তন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া পরিবর্তন সম্ভব নয়: হাসনাত আব্দুল্লাহ
‘জুলাই পদযাত্রা’র সমাপনী কর্মসূচিতে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই চলবে না, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে ‘জুলাই পদযাত্রা’র সমাপনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি বাসের শুধু চালক পরিবর্তন করলেই যেমন সার্বিক সমস্যার সমাধান হয় না, তেমনি রাষ্ট্র পরিচালনায় কেবল সরকার পরিবর্তনও যথেষ্ট নয়। বাসের ব্রেক ও চাকা ঠিক না থাকলে দুর্ঘটনা ঘটবেই রাষ্ট্রব্যবস্থার ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। দেশের জনগণের সিংহভাগই এ ধরনের কাঠামোগত পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতা পাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে। অতীতে যেমন ভোট কারচুপির অভিযোগ ছিল, ঠিক একইভাবে এবারও জনগণের প্রকৃত মতামতকে উপেক্ষা করা হয়েছে।’

এনসিপির লক্ষ্য কেবল ক্ষমতার রদবদল নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে সম্পূর্ণ নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন করা জরুরি। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এবং সংবিধান পরিমার্জনের বিষয়েও তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চেয়েও বর্তমান পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা স্পষ্টতই সরকারের ব্যর্থতার পরিচয় দেয়।’

কর্মসংস্থান ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি করা যায়নি; উল্টো দেশজুড়ে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবিলম্বে উন্নতি না হলে জনগণ ফের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আওয়ামী লীগের রাজনীতি ও স্থানীয় পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব কখনো দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক ছিল না। এ ছাড়া সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি ৫ আগস্টের পর কেবল হাতবদল হয়েছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা তা উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় এনসিপি তার রাজপথের আন্দোলন অব্যাহত রাখবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।