করলা গাছ তোলা নিয়ে প্রতিবেশীর হামলায় প্রাণ গেল কৃষকের

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। হামলায় নিহতের এক ছেলে ও দুই ভাই গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামেরই বাসিন্দা ও পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল হাকিমের সঙ্গে আবুল কাশেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় আবুল কাশেমের করলা গাছ তোলা নিয়ে আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রনি ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবুল কাশেমের কোমরের ওপরে আঘাত করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছেলে মো. সাইদ (২২) এবং দুই ভাই মুক্তার আলী (৫০) ও বদর উদ্দিন (৫৫) প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আবুল কাশেম মারা যান। আহত অপর তিনজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।