logo
Advertisement

ডেঙ্গু নিয়ে ভর্তির কয়েক ঘণ্টা পরই মারা গেলেন যুবক

ডেঙ্গু নিয়ে ভর্তির কয়েক ঘণ্টা পরই মারা গেলেন যুবক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মোজাম্মেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোজাম্মেল ময়মনসিংহ সদর উপজেলার শেরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন মোজাম্মেল। তাকেসহ অন্যান্য রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে রোববার ভোরে ডেঙ্গুজনিত মারাত্মক শকের কারণে হৃদ্‌যন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মোজাম্মেলের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১২৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৪৭ জন ও শিশু রয়েছে ১১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম চলছে। বাড়ির ছাদ, টব, ফুলের পাত্র বা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে নগরবাসীকে সচেতন থাকতে হবে।