logo

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার (চন্দ্রা) পল্লী বিদ্যুৎ এলাকায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই শিল্পাঞ্চল গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকরা। মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরসহ নানাভাবে বিক্ষোভ করছেন তারা। শনিবার দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিকরা হঠাৎ বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিক আন্দোলনের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।