logo
Advertisement

পাবনায় মানবকল্যাণে ভূমিকা রেখে চলেছে শিমুল বিশ্বাসের এবি ট্রাস্ট

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
পাবনা সদর, পাবনা
পাবনায় মানবকল্যাণে ভূমিকা রেখে চলেছে শিমুল বিশ্বাসের এবি ট্রাস্ট
অসহায় ও প্রান্তিক মানুষের কাছে রিকশা ও ভ্যান তুলে দেন শিমুল বিশ্বাসসহ অতিথিরা। ছবি: এবি ট্রাস্ট থেকে পাওয়া

পাবনার সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক মানুষের কাছে পরম ভরসাস্থলে পরিণত হয়েছে ‘আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)’। ২০০৭ সালের ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত অরাজনৈতিক ও জনকল্যাণমুখী এ প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় দশক ধরে মানবকল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও পরিবেশ রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে।

জেলার কুঠিপাড়া ও কিসমতপ্রতাপপুরে অবস্থিত ট্রাস্টটির সার্বিক পরিচালনায় রয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শিক্ষা ও প্রযুক্তির প্রসার

ট্রাস্টের উদ্যোগে এবং শিমুল বিশ্বাসের যৌথ পরিবারের দান করা শহরাঞ্চলের প্রায় ৫ একর ও গ্রামের ১১০ একর জমির ওপর গড়ে উঠেছে মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রি কলেজ, এতিমখানা, আধুনিক পাঠাগার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তির পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করতে প্রতিষ্ঠা করা হয়েছে আধুনিক আইটি প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার ল্যাব ও পলিটেকনিক ইনস্টিটিউট। ভবিষ্যতে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।

অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান

স্থায়ী স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ট্রাস্টের পক্ষ থেকে বেকার যুবকদের মাঝে বিনামূল্যে সিএনজি ও অটোরিকশা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেয়া হচ্ছে কারিগরি ও আর্থিক সহায়তা। পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, ক্ষুদ্র উদ্যোগে সাহায্য এবং গবাদি পশু কিনে দেয়ার মতো কর্মসূচি চাল রয়েছে।

আবাসন ও সামাজিক সুরক্ষা

ছিন্নমূল ও গৃহহীনদের জন্য দীর্ঘমেয়াদি গৃহায়ন প্রকল্পের মাধ্যমে অসংখ্য নতুন ঘর নির্মাণ ও মেরামতে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের নিয়মিত হুইলচেয়ার বিতরণ, প্রবীণ ও বিধবা নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ উৎসব-পার্বণে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ

ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে কাজ করা এই ট্রাস্ট জেলার বিভিন্ন স্থানে নতুন মসজিদ, হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানা এবং ঈদগাহ নির্মাণ ও সংস্কার করেছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে মন্দির, গির্জা ও শ্মশানের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে।

বিনামূল্যে চিকিৎসা ও জরুরি ত্রাণ

অসহায় রোগীদের জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ প্রদান ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। দুস্থদের জন্য ভবিষ্যতে শতভাগ বিনামূল্যে সেবামুখী একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাছাড়া শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে ট্রাস্টটি।

পরিবেশ ও নদী রক্ষা

পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পাবনার ইছামতি নদীর প্রায় ৭ কিলোমিটার অংশ খনন এবং ৫ কিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত করতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে এবি ট্রাস্ট।

কারিগরি শিক্ষার মাধ্যমে আরও ১০ হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার নিয়ে শিমুল বিশ্বাসের মানবিক নেতৃত্বে এবি ট্রাস্ট আজ একটি টেকসই ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।