হুইলচেয়ারে আদালতে হাজিরা দিলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হুইলচেয়ারে করে আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তিনি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।
তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, আদালতে দুটি আবেদন করা হয়েছিল। এর একটি ছিল জব্দ করা মুঠোফোন ফেরত চেয়ে। ফোনটির ফরেনসিক পরীক্ষা শেষ হলেও বিচারক মেহেদী হাসান আবেদনটি নামঞ্জুর করেন। অন্য আবেদনে শারীরিক অসুস্থতার কারণে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চাওয়া হয়। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আদালত থেকে বেরিয়ে তানভীর সাংবাদিকদের বলেন, কোমর থেকে পা পর্যন্ত অনুভূতি কমে গেছে। নিয়মিত ফিজিওথেরাপি নিলেও তেমন উন্নতি হচ্ছে না। চিকিৎসকেরা তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তানভীরের দাবি, মামলাটি মিথ্যা এবং তার মুঠোফোন জব্দ থাকায় ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগে সমস্যা হচ্ছে।
মামলার নথি অনুযায়ী, গত ৫ আগস্ট ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে ১৫ আগস্ট ব্রেন স্ট্রোক করার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ৯ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে এক বছরের জামিন পান তিনি। ১৫ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।

