logo

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মো. তারা মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৯ আগস্ট) ভোরে সীমান্তের ভারতের অভ্যন্তরে মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলী এলাকা দিয়ে একদল লোক সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ টহল দল গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা মিয়ার বিরুদ্ধে পূর্বে চোরাচালানের একটি মামলা রয়েছে।

বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ চার থেকে পাঁচজন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। তবে অন্য চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিএসএফের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।