মাগুরায় লোকালয়ে ‘বাঘের মতো’ প্রাণীর ঘোরাফেরা, ভিডিও ভাইরাল

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
মাগুরায় লোকালয়ে ‘বাঘের মতো’ প্রাণীর ঘোরাফেরা, ভিডিও ভাইরাল
লোকালয়ে ‘বাঘের মতো দেখতে প্রাণী’। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় বাঘের মতো দেখতে একটি প্রাণী ঘোরাফেরা করার ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার (২২ জুন) রাতে সাত সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি শনিবার রাত ১১টার দিকে মাঝিপাড়া এলাকার একটি পাকা সড়কের ওপর ধারণ করা। ভিডিওটি ধারণ করেন স্থানীয় যুবক ইসরাফিল হোসেন।

ইসরাফিল জানান, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে হঠাৎ একটি বন্যপ্রাণী তার সামনে চলে আসে। অপ্রত্যাশিত এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়লেও সাহস করে মোবাইল ফোনে প্রায় সাত সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

তিনি আরও জানান, পরে তিনি বাজারে গিয়ে এলাকাবাসীকে জানান। প্রথমে অনেকে তার কথা বিশ্বাস না করলেও ভিডিও দেখার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর কয়েকজন মিলে প্রাণীটিকে খুঁজতে বের হলেও রাতের অন্ধকারে সেটির সন্ধান পাওয়া যায়নি।

প্রাণীটিকে নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে চিতাবাঘ, আবার কেউ মেছোবাঘ বলে দাবি করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। কারণ, প্রাণীটি যে স্থানে দেখা গেছে, তার আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

মাঝিপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, প্রথমে আমার ভাতিজার কথা বিশ্বাস হয়নি। পরে সে আমাদের ভিডিওটি দেখালে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে দেখতে পাই। তবে চেষ্টা করেও সেটিকে ধরতে পারিনি। বর্তমানে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, ওই রাতে পাশের একটি বাড়ি থেকে চারটি মুরগি নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাণীটি মুরগিগুলো ধরে খেয়ে ফেলেছে।

এ বিষয়ে জানতে ভিডিওটি পাঠানো হয় জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুরের কাছে। তিনি জানান, ভিডিওতে দেখা প্রাণীটিকে একটি মেছো বাঘ হিসেবে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনও মেছোবাঘের দেখা মেলে। সাধারণত ঝোপঝাড়, জলাশয় ও পুকুরপাড় এলাকায় এদের বসবাস।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।