পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় নাগরিক রনজিৎ মণ্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সীমান্ত মেইন পিলার ২২৪-এর নিকট শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের এক বৈঠকের পর তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত পাঠানো রনজিৎ মণ্ডল ভারতের মালদা জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় রনজিৎ মণ্ডল সীমান্ত অতিক্রম করে দুইজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ধানসুরা বাজার এলাকায় চলে আসেন। বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে অবহিত করা হলে তারা তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ধানসুরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ভারতীয় ওই নাগরিককে উদ্ধারের পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মণ্ডল এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৮ বিএসএফের আরকেওয়াদা কোম্পানি কমান্ডার এসি অমিত কুমার গৌতম। পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে রনজিৎ মন্ডলকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে ভুলবশত চলে আসা ওই ভারতীয় নাগরিককে উদ্ধারের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।