logo

বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির হাসপাতালে মৃত্যু

বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির হাসপাতালে মৃত্যু
বরিশাল কেন্দ্রীয় কারাগার। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২ বছর ধরে বন্দি থাকা সুলতান হাওলাদার (৬৪) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

মৃত সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, সুলতান দীর্ঘদিন ধরে তীব্র হৃদ্‌রোগে ভুগছিলেন। অসুস্থতা বেড়ে গেলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলছিল। আজ সকালে হাসপাতালের সিসিইউ/মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলার আবু ইউসুফ।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, সুলতান হাওলাদার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তবে ২০০৪ সালের পুরোনো মামলা হওয়ায় এবং তাৎক্ষণিক ফাইল পর্যালোচনা না থাকায় সুনির্দিষ্ট কোন হত্যাকাণ্ডের মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।