logo
Advertisement

‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানারে বরিশালে মিছিল, আটক ৭

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বরিশাল, বরিশাল
‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানারে বরিশালে মিছিল, আটক ৭
বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার বহন করেন মিছিলকারীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান শোনা যায়।

মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও তাদের ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি দেখা গেছে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।