logo

শরণখোলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

শরণখোলায় দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও কাগজপত্র পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।