মায়ের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রী শাহানা খাতুনকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল আউয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুণ্ডুপাড়া গ্রামের আব্দুল করীম বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকাল ৮টার দিকে তিন সন্তানের জননী শাহানা খাতুনের সঙ্গে তার স্বামী আব্দুল আউয়ালের বিবাদ শুরু হয়। শাহানা তার স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অন্য সদস্যদের সামনে আউয়াল স্ত্রীকে হাঁসুয়া দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কোপান। এতে শাহানা ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সময় আউয়ালের মা তাকে বাধা দিতে গেলে মাকেও হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে আউয়ালকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সোপর্দ করেন।
হত্যাকাণ্ডের দিনই নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আউয়ালকে একমাত্র আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০২০ সালের ৩ মার্চ আউয়ালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কড়া পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।