logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়ার সৃষ্টি হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে থাকা চারটি ফেরি ঘাটে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। মাঝ নদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।