খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩
চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ার পাহাড়। ছবি : এশিয়া পোস্ট

খাগড়াছড়িতে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পদ্ম চাকমা (১৮), ধনা চাকমা (১৮) ও রিয়েল চাকমা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে এই ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন পূর্বে জেএসএসের সদস্য ছিলেন। তিনি গত ১৯ মে বিজিবি ক্যাম্পে আত্মসমর্পণ করেছিলেন এবং পরে সম্ভবত ইউপিডিএফে যোগ দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেএসএস (লারমা) ও ইউপিডিএফের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২টি মিসফায়ার রাউন্ড, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা (ফায়ার্ড কার্টিজ কেস) এবং ৪টি বুলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, জেএসএস সন্তু গ্রুপের সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে। দলের ভেতরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতি চলতে থাকায় এবং ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সঙ্গে সংঘাতে জড়াতে বাধ্য করার কারণে সন্তু গ্রুপের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। তারই জেরে আজ তাঁদের পাঁচ সদস্য বিদ্রোহ করে দলত্যাগ করতে চাইলে তাঁদের ওপর মধুমঙ্গল পাড়ায় জেএসএস সন্তু গ্রুপ গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান এবং বাকি দুজনকে বন্দী করা হয়।

ইউপিডিএফ নেতা অংগ্য মারমার ধারণা, আজকের ঘটনাটি কোনো সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সুবিধাবাদী ও আদর্শহীন রাজনীতির ওপর প্রতিষ্ঠিত জেএসএস সন্তু গ্রুপের ভেতরে বড় ধরনের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, দুপুরে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানানো যাবে।

বিষয় :খাগড়াছড়ি