আওয়ামী লীগ কার্যালয় থেকে এনসিপির নামফলক সরালেন দুই কর্মী

এবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এনসিপির নামফলক সরিয়ে ফেলেছেন আওয়ামী লীগের দুই কর্মী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এনসিপির নামফলক সরিয়ে সেখানে আবারও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নামফলক বসিয়ে দেন শওকতুল আনাম ও সরোয়ার কাজী সুরুজ নামের ওই দুই কর্মী।
শওকতুল আনাম চট্টগ্রাম উত্তর জেলা এবং সরোয়ার কাজী সুরুজ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন।
এনসিপির নামফলক সরানো ও আওয়ামী লীগের নামফলক লাগানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের অফিস খোলার প্রতিবাদে রাত ৮টায় নিউ মার্কেট মোড়ে ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপি নেতারা।
গত বছরের ২১ অক্টোবর এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে ওই অফিস দখল করা হয়। সেসময় আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে পরদিন নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলন করে এনসিপির তরফ থেকে জানানো হয়- আওয়ামী লীগের কার্যালয় তারা দখল করেননি। তবে আজ অপসারণের আগ পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এনসিপির নামফলক লাগানো ছিল।