বাকপ্রতিবন্ধী ছেলের হাতে প্রাণ গেল মায়ের

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের আঘাতে শহীদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শহীদা বেগম ওই এলাকার মৃত স্টারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আরিফকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মায়ের চড়াও হতেন। এর আগেও কয়েকবার তিনি মায়ের ওপর আক্রমণ করেন। ঘটনার রাতে বাড়িতে মা-ছেলে ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। কোনো এক বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আরিফ ঘরে থাকা শিল পাটার পাথরের শিল দিয়ে শহীদা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা জানতে পেরে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফকে আটক করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।