logo
Advertisement

কুমিল্লায় শেরে বাংলা মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
কুমিল্লায় শেরে বাংলা মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
খাদে পড়ে যাওয়া শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাস। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন—যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে শেরে বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁরা বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। আহত ২০ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা কক্সবাজার ভ্রমণ বাতিল করে ফিরে গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।